দিনাজপুরের চিরিরবন্দরে সাবেক এমপি’র হস্তক্ষেপে দীর্ঘ ১৫-১৬ বছর যাবত চলে আসা বসতভিটা নিয়ে দুই পরিবারের সৃষ্ট বিরোধের অবসান হয়েছে।
জানা গেছে, উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের গমিরাবাজারের সন্নিকটে দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বসতভিটা নিয়ে আমিনুল ইসলাম বাবু ও এন্তাজুলের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও থানা পুলিশ দিয়ে কয়েক বার শালিস-মীসাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হয়। এ ঘটনার কোন প্রকার সুরাহা হতো না। ওই দুই পরিবারের কেউ কাউকে ছাড় দিতেও রাজি ছিল না। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে প্রায়শই ঝগড়া-বিবাদ, মারামারি ও ভাংচুরের ঘটনা ঘটতো।
এ ঘটনায় সম্প্রতি ভুক্তভোগী একটি পরিবারের সদস্যরা দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার নিকট অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া সেখানে গিয়ে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে সৃষ্ট সমস্যার সুষ্ঠু সমাধান করে দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই অনুযায়ী গত ৩রা মার্চ সোমবার সকাল ১১টায় আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া স্থানীয় পুনট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে ওই দুই পরিবারের সদস্যদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় পরিবারের সদস্যরা তাদের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন এবং জমির প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদর্শন করেন।
বৈঠকে উভয়পক্ষের যুক্তিতর্ক ও কাগজপত্রাদি দেখে সাবেক এমপি আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া সকলের উপস্থিতিতে ওই দুই পরিবারের সৃষ্ট সমস্যার সুষ্ঠু সমাধান করে দেন। এসময় ওই দুই পরিবারের সদস্যরা অঙ্গীকার করেন যে, কোনো দিন এ নিয়ে তারা পরস্পরের মধ্যে আর কোনো ঝগড়া-বিবাদে জড়িত হবেন না। যার যতটুকু জমি তারা ততটুকুই শুধু ভোগ-দখল করবেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















