লালমনিরহাটে চ্যানেল ২৪’র প্রতিনিধি সাংবাদিক মাহফুক বকুলের ওপর হামলা, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান সাজুকে হত্যার হুমকি এবং আনন্দ টিভির সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত শতাধিক সংবাদকর্মী।
সিনিয়র সাংবাদিক গকুল রায়ের সভাপতিত্বে ও দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- লালমনিরহাটের প্রথম আলোর প্রতিনিধি আব্দুর রব সুজন, যুগের আলোর প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, যমুনা টিভির প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, ডেইলি স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, বৈশাখী টিভির প্রতিনিধি তৌহিদ লিটন, মাই টিভি প্রতিনিধি মাহফুজ সাজু, সাংবাদিক নেতা শরিফুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি নিয়ন দুলাল, ঢাকা পোস্ট প্রতিনিধি নিয়াজ শিপন, নিউজ ২৪’র রবিউল ইসলাম, আর টিভির প্রতিনিধি মিজানুর রহমান মিজান, বার্তা বাজার প্রতিনিধি মিজানুর রহমান খন্দকার প্রমুখ।
মানববন্ধনে হুমকি দাতা ও সাংবাদিকদের ওপর হামলাকারীরাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। দ্রুত আসামি গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয় মানববন্ধনে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

















