গাইবান্ধার সুন্দরগঞ্জে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের প্রধান ফটকে এ মানববন্ধন করেন ওই কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদল।
কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক মো. রুবেল মিয়ার সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মণ্ডল রিয়েল ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু প্রমুখ।
এতে কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা ও অনলাইন হয়রানি বেড়ে গেলেও বিচারহীনতার কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নারীরা চরম অনিরাপত্তায় রয়েছেন। তারা দ্রুত বিচার নিশ্চিত ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান, যাতে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং নারীরা নিরাপদে থাকতে পারে।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















