দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির সদস্যরা পূজা মন্ডপে থাকার সুযোগে এক বাড়িতে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। এ চুরির ঘটনাটি
বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বেলতলী বাজারের সন্নিকটে ব্যবসায়ী দীপক দাসের বাড়িতে সংঘটিত হয়েছে।
বাড়ি মালিক ব্যবসায়ী দীপক দাস জানান, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের লালদিঘী পূজা মন্ডপে অবস্থানের কারণে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। এসময় চোরেরা ঘরের দরজা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
বেলতলী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, বেশ কয়েক মাস ধরে স্থানীয় কয়েকজন চিহ্নিত চোর এ বাজারে গভীর রাত পর্যন্ত আড্ডা মারছেন। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও বাড়ি মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন এ চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস প্রদান করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 














