আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপি ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিময় সভার উদ্যোগ গ্রহণ করে। নির্বাচনী মাঠে দলীয় তৎপরতা আরো জোরদার করতে ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ওয়ার্ড বিএনপির ডাকে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিময় সভাগুলো যেনো জনস্রোতে পরিণত হচ্ছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কাথম গ্রামে বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভাটগ্রামে বিএনপির উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে ও ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলীর সঞ্চালনায় উক্ত উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ এখন সত্যিকারের পরিবর্তন চায়। ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের ঐক্যই হচ্ছে সবচেয়ে বড়শক্তি। ধানের শীষ দেশের মানুষের আশা ও বিশ্বাসের প্রতীক হিসেবে আজ আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সেসময় উপস্থিত ছিলেন ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 









