গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুন্দরগঞ্জ প্রাণী সেবাদানকারী ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
রোববার (৯ আগস্ট) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপজেলার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারি ও গবাদিপশু পালনকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, প্রাণীর রোগ প্রতিরোধ এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক, সুন্দরগঞ্জ প্রাণী সেবাদানকারী ফোরামের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাজু মিয়া, আব্দুর রাজ্জাক, পল্লী চিকিৎসক শাহজাহান মিয়া, হাবিব, শাহাদত হোসেন দুলাল সরদার, মিজানসহ ফোরামের অন্যান্য সদস্য ও প্রাণিসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মতবিনিময়কালে ফোরামের নেতৃবৃন্দ বলেন, মাঠপর্যায়ে প্রাণিসেবা আরও কার্যকর করতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও প্রাণী সেবাদানকারীদের মধ্যে সমন্বয় প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে উপজেলার খামারি ও গবাদিপশু পালনকারীরা আরও ভালো সেবা পাবেন।
পরে ফোরামের পক্ষ থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে. এম. ইফতেখারুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে বলেন, প্রাণিসেবার মানোন্নয়ন ও খামারিদের স্বার্থে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















