তোফায়েল হোসেন জাকির: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কৃষি উৎপাদন বাড়াতে এবং ফসলের রোগবালাই ও ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠপর্যায়ে চলছে ‘অতন্ত্র জরিপ ব্লক’ কার্যক্রম।
এরই অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট) সাদুল্লাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার একাধিক ব্লকে এই জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এখানে একটি ৫০ একর মাঠের মধ্যে ৫০ শতক রোপা আমন ধানের জমিতে এই জড়িপ কার্যক্রম করা হয়
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ, স্বপন কুমার, কৃষক রিপন মিয়া, মনিরুজ্জামান, মোজাম্মেল হক, সালাম মিয়া, মাসুদ মিয়া, আব্দুল মালেকসহ অনেকে।
এসময় উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার বলেন, অতন্ত্র জরিপের মাধ্যমে মাঠের ফসল নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। ধানের ক্ষতিকর ও উপকারী পোকামাকড়ের উপস্থিতি, রোগবালাইয়ের অবস্থা, জমির ফসলের স্বাস্থ্য এবং অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
সাদুল্লাপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আয়ও বাড়ানো সম্ভব। এ কারণে অতন্ত্র জরিপ ব্লক কার্যক্রম কৃষকের জন্য কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 


















