দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল ইসলাম (২৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। স্থানীয়রা ও পুলিশ তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার বিজুল বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদুল ইসলাম দিনাজপুর পৌরশহরের বালুবাড়ী এলাকার আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ দুপুরে দিনাজপুর থেকে ছেড়ে আসা চাল বোঝাই একটি ট্রাকের সাথে গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা টিন বোঝাই অপর একটি ট্রাকের বিজুল বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক রাশিদুল ইসলামের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হান্নান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 


















