লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক শ্রী ফনী রাম বর্মনকে অশ্রুজলে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁর এই দীর্ঘ কর্মময় জীবন থেকে চলতি বছরের জুলাই মাসে অবসর গ্রহণ করেন তিনি। এত বছরের হাজার হাজার স্মৃতি মনে করে তার বিদায় বেলায় কেঁদেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে অফিস সহায়ক হিসেবে যোগদান করেন ফনী রাম।
সোমবার সকালে তার অবসর উপলক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা।
ফনী রামের বিদায় অনুষ্ঠানে তার সাথে কাটানো র্দীর্ঘ দিনের স্মৃতি মনে করে অনেক শিক্ষকই কেঁদেছেন। একজন অফিস সহায়কের বিদায়ে বিদ্যালয়টির শিক্ষকদের কান্নায় মুহুর্তেই আবেগঘন পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানস্থল। ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়-তবু চলে যায়’ জীবনের এই কঠিন সত্যটি মেনেই তাই এক প্রকার বাধ্য হয়ে ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক ফনী রামকে বিদায় জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মজনু। এ সময় বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীনা বেগম মিনাসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোঃ শাহজাহান সাজু. করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















