গাইবান্ধার সাদুল্লাপুরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাড়িতে ঢুকে হামলা, মারধর, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শামীম মিয়াকে তাঁর সহোদর ভাই নুরুন্নবী মিয়া ও আব্দুস সালাম মিয়াসহ অন্যরা হামলা করে রক্তাক্ত জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার পর্যন্ত আহত শামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দেখা গেছে। এর আগে ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর উপজেলার বড় জামালপুর (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির সীমানা নিয়ে শামীমের সঙ্গে তাঁর ভাইসহ অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় শামীম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা করেন। মামলাটির জিআর নম্বর-২৪, তারিখ ১৫ জুন ২০২৬। ওই মামলায় অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে পুনরায় বিরোধে জড়ান বলে দাবি করা হয়েছে।
শামীমের অভিযোগ, ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে নুরুন্নবী ও আব্দুস সালামসহ অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁকে গালিগালাজের পর মারধর করা হয়। হামলায় তিনি রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় শামীমের পরিবারের সদস্যরা প্রাণভয়ে অন্যত্র সরে গেলে হামলাকারীরা বাড়ির তিনটি কক্ষে ঢুকে প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকার আসবাবপত্র নিয়ে যান। পরে স্টিলের বাক্স থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের এক ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া হামলাকারীরা তিন কক্ষের ওয়ালঘর ও বারান্দায় ভাঙচুর চালান বলে জানা গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শামীম। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















