বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ক্রিকেটে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। সোমবার (৫ এপ্রিল) বরেন্দ্র নর্থজোনকে ৩ উইকেটে হারায় তারা। ফলে উদ্বোধনী ম্যাচে দারুণ সূচনার পর দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেল নর্থ জোন।
এদিন বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে জাহাঙ্গীরাবাদকে ২৩৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় বরেন্দ্র নর্থ জোন। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই হোঁচট খায় সেন্ট্রাল জোন। ব্যক্তিগত ৩ রানে রেজওয়ান হোসেন সাজঘরে ফিরলে দলের হাল ধরেন জিসান আলম ও অধিনায়ক আমির হোসেন।
দ্বিতীয় উইকেটে দুজন মিলে ৭৫ রানের জুটি গড়ে জয়ের পথটা তৈরি করে দেন। ৫৩ বলে ১০ চার ও ২ ছক্কায় ১৩৩.৯৬ স্ট্রাইক রেটে ৭১ রানের ঝড়ো ইনিংসে খেলেন জিসান। সঙ্গীকে হারিয়ে অধিনায়ক আমির হোসেনও ফিরে যান ৬০ রানে। ৬৮ বলে ৮ চার ও ১ ছক্কায় আমির নিজের ইনিংসটি সাজিয়েছেন।
এই দুজনের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জাহাঙ্গীরাবাদ। একপ্রান্ত আগলে রেখে মনির হোসেন খেলেন ম্যাচজয়ী ইনিংস। ৪৫.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জাহাঙ্গীরাবাদ। মনির ৬২ বলে ৮ চারে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। এ ছাড়া সানজিদুর রহমান ১২ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
বরেন্দ্রর হয়ে আগের ম্যাচে ৬ উইকেট পাওয়া ফাহিম এই ম্যাচে উইকেটশূন্য ছিলেন। হাফ সেঞ্চুরির পর দলের হয়ে সর্বোচ্চ দুই উইকেটও নিয়েছেন জাকারিয়া ইসলাম। এ ছাড়া সজিব আহমেদ, জিহাদুল হক, মিনহাজুল হাসান ও নাঈম আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামা বরেন্দ্র নর্থজোন আগে ব্যাটিংয়ের সুযোগ পায়। কিন্তু নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৩৫ রানের বেশি করতে পারেনি তারা। তারপরও অধিনায়ক নাঈম আহমেদ ও জাকারিয়া ইসলাম শান্তর জোড়া হাফ সেঞ্চুরিতে লড়াই করার মতো পুঁজি পায় বরেন্দ্র।
২০ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া বরেন্দ্রকে টেনে তোলেন অধিনায়ক নাঈম। তার দায়িত্বশীল ৫৪ রানের ইনিংসের ওপর ভর করে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বরেন্দ্র। ৭৮ বলে ৫ চারে ৫৪ রান করে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হন নাঈম।
নাঈমের ইনিংসের পর মিডল অর্ডারে নামা জাকারিয়ার ৬৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে বরেন্দ্রর স্কোরবোর্ড ২৩৫ রানে গিয়ে দাঁড়ায়। ৭ চার ও ২ ছক্কায় জাকারিয়া নিজের ইনিংসটি সাজিয়েছেন। এ ছাড়া ফাহিম হাবিব ২৩, রাহানুর ইসলাম ২৩ ও জাহিদুল হক ২১ রানের ইনিংস খেলেছেন।
জাহাঙ্গীরাবাদ সেন্ট্রালজোনের বোলারদের মধ্যে শাহরিয়ার আলম, সানজিদুর রহমান ও আবু বক্কর দুটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া খালেদ সাইফুউল্লাহ নিয়েছেন একটি উইকেট।
জাগো২৪.নেট, ক্রীড়া ডেস্ক 















