জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকদের জন্য গবেষণা পদ্ধতি শীর্ষক দিনব্যপী একটি কর্মশালা বিশ^বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড.আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের জীবনের সকলক্ষেত্রে প্রতিযোগিতা বিদ্যমান। প্রতিযোগিতায় ভালো করার মধ্যদিয়ে জীবনের বিকাশ ও উন্নতি হয়। তাই আমরা যদি যোগ্যতা ও দক্ষতার উন্নয়ন করতে পারি তবেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সম্ভব। সারা পৃথিবী এখন চলছে দক্ষতার উপরে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চতুর্থ শিল্প বিপ্লবে সামিল হতে হলে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। আর এ জন্য গবেষণার কোন বিকল্প নেই। বিশ^মানের গবেষক তৈরিতে আমাদের মনোযোগ দিতে হবে।
শিক্ষকদের প্রশিক্ষণে নজরুল বিশ^বিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে কর্মশালায় উপস্থিত হওয়ায় বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড.আবু তাহের-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.আবু তাহের বলেন, আমাদের শিক্ষকদের মধ্যে যেকোনভাবে গবেষণা সংস্কৃতির উন্নতি করতে হবে। চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবের জন্য তৈরি থাকতে গেলে গবেষণাধর্মী শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে এই শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে।
গবেষণায় জালিয়াতি প্রসঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে ইউজিসি সদস্য ড. আবু তাহের বলেন, যেনতেন, জালিয়াতি করে গবেষণা করে পার পেয়ে যাবেন এই সুযোগ আর নেই। এখন নানা ধরনের সফ্টওয়্যার তৈরি হয়েছে। আপানারা নিশ্চয়ই সেটা জানেন। ইতোমধ্যেই ঢাকা বিশ^বিদ্যালয়ে গবেষণা জালিয়াতি ধরা পড়ায় অনেককে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। গবেষণায় জালিয়াতি ধরা পড়লে অবশ্যই তাকে কঠোর শাস্তি দেওয়া হবে।
শিক্ষকদের গবেষণার জন্য বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বরাদ্দ দিতে কোন কার্পণ্য হবে না জানিয়ে তিনি বলেন, আপনারা গবেষকদের উৎসাহিত করুন। তাদেরকে পুরস্কৃত করুন। গবেষকদের পুরস্কার দেয়ার জন্য অর্থের সমস্যা হলে সেটা ইউজিসি থেকে দেওয়া হবে।
উল্লেখ্য, দিনব্যপী গবেষণা পদ্ধতি শীর্ষক কর্মশালায় অনুষদের প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 















