‘স্মার্ট স্কাউট স্মার্ট দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে চার দিনব্যাপী ৭ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব স্কাউট এতে অংশ নিয়েছে।
রোববার বিকেলে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্কাউটসের আয়োজনে ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র বর্মন, স্কাউটস সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, সাবেক সম্পাদক ও কমিশনার শাহজাহান মিঞা। অনুষ্ঠান পরিচালনা করেন লিডার ট্রেইনার জিন্নাতুল ফেরদৌসী।
বক্তারা বলেন, কাব স্কাউটিং শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, আত্মনির্ভরশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ শিশুদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল করে তোলে।
চার দিনের ক্যাম্পুরীতে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সৃজনশীলতা, দলগত কাজ, নেতৃত্ব ও সেবার মানসিকতা বিকাশে নানা আয়োজন থাকছে। ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীরা নির্ধারিত ভেন্যুতে অবস্থান করে এসব কার্যক্রমে অংশ নেবে।
আয়োজকরা জানান, শিশুদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, দলগতভাবে কাজ করা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আগামী ৭ অক্টোবর ক্যাম্পুরীর সমাপ্তি হবে।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















