জাতীয় শিক্ষা পদক ২০২২ সালে পাবনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে সাঁথিয়া উপজেলার ১৩৬ নং পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেন সাঁথিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন।
জানা গেছে, জাতীয় শিক্ষাপদক ২০২২ এর আলোকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের বাছাই করতে উপজেলার ১৭৮টি বিদ্যালয়ের মধ্যে প্রথমে উপজেলাভিত্তিক বাছাই করে পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাঁথিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। এর ধারাবাহিকতায় পরে জেলা পর্যায়ে মনোনয়ন বোর্ডের সভাপতি জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, সদস্য সচিব জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদারসহ সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ডের সকল সদস্যের যথাযথ মূল্যায়নে ৯টি উপজেলার মধ্যে সাঁথিয়ার পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করেন।
এ বিষয়ে পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মনোনয়ন বোর্ডের সকল সদস্যের যথাযথ মূল্যায়নের কারণে আমার প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ নির্বাচিত করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করে বলেন, আমি অত্যন্ত খুশি এবং আগামী দিনে আরো স্বচ্ছতার সাথে আমার দায়িত্ব পালনে এই অর্জন সহায়ক ভূমিকা পালন করবে।জাতীয় শিক্ষা পদক ২০২২ এ জেলা পর্যায়ে পুন্ডুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে বড় ধরণের সাফল্য বয়ে আনবে বলে মন্তব্য করেছেন শিক্ষকসমাজ। প্রতিষ্ঠানটির অর্জন সকল শিক্ষকদের অনুপ্ররণা জোগানোসহ কোমলমতি শিশুদের সুনাগরিক হতে বিশাল ভ‚মিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সংশ্লিষ্টরা।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাঁথিয়া (পাবনা) 















