সদ্য প্রকাশিত ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল দিনাজপুর জেলাসহ বিভাগ ও দিনাজপুুর শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
জানা গেছে, চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল হতে ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ১৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। পাশের হার শতভাগ।বিদ্যালয়ের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের কঠোর অনুশীলন ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় কাঙ্খিত এ ফলাফল অর্জন করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দিনাজপুর শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা জানান, যদিও ফলাফলে শ্রেণি বিভাগ করা হয় না।তারপরও গোপনে করা ফলাফলে চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল জেলাসহ বিভাগ ও দিনাজপুুর শিক্ষাবোর্ডে প্রথম স্থান লাভ করেছে।
শিক্ষাবোর্ডের সেরা ১০-এ রয়েছে চিরিরবন্দরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল ২০৫ জনে ২০১ জন জিপিএ-৫ লাভ করে দ্বিতীয়, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫২ জন অংশগ্রহণ করে ২১৬ জন জিপিএ-৫ লাভ করে তৃতীয় ও বিরামপুর উপজেলার আদর্শ উচ্চবিদ্যালয় চতুর্থ, দিনাজপুর জিলা স্কুল পঞ্চম, পার্বতীপুর খোলাহাটি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ ষষ্ঠ, সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি সপ্তম, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম, বীরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় নবম ও দিনাজপুর সেন্ট ফিলিপস স্কুল দশম স্থান অধিকার করেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল শতভাগ।চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান জানান, চিরিরবন্দর উপজেলায় পড়াশোনার পরিবেশ অত্যন্ত ভাল। উপজেলায় বেশ কয়েকটি বেসরকারি ভালো মানের স্কুল রয়েছে। এজন্য চিরিরবন্দর উপজেলাকে শিক্ষানগরী হিসেবে অভিহিত করা হয়। এছাড়াও উপজেলার প্রায় সব প্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















