ইসলামের আলো ছড়িয়ে দিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধর্মপ্রাণ ৫০০ মানুষের মাঝে নামাজ শিক্ষা বই বিতরণ করা হয়েছে। পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ নেতাকর্মীরা এই উদ্যোগ গ্রহণ করে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের আসমতপুর এলাকায় ওইসব বই বিতরণ করা হয়। সংগঠনটির নামাজের দাওয়াত কার্যক্রম অংশ হিসেবে এতে হিমেল কেমিক্যালস-নজরুল এণ্ড ব্রাদার্স নামের প্রতিষ্ঠান সহযোগিতা করে।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের সভাপতি নাসিম মিয়া। বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন, সহ সভাপতি ফাহিম হাসান তুহিন, সাধারণ সম্পাদক সামিউল সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, উপ-মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত খন্দকার শিখা, সদস্য সাফিয়া, সুমন, সোহাগ, রাকিব প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আল আমিন মন্ডল বলেন, আমরা শুরু থেকেই মানবসেবাসহ ইসলাম প্রচারেও কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ প্রথম ধাপে ৫০০ মানুষের মাঝে নামাজ শিক্ষা বই বিতরণ করলাম। এর আগেও আমরা ৫০০ টি কোরআন শরিফ বিভিন্ন মাদরাসার এতিম ছাত্রদের মাঝে প্রদান করেছি। এছাড়া ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, মহিলাদের বিনামূল্যে কোরআন শিক্ষা চালু, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছিলাম।
আল আমিন মন্ডল আরও বলেন, ইনশাআল্লাহ সামনে রমজান মাসে আমরা ইসলাম প্রচার কাজ আরও অনেক বড় পরিসরে করবো । এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি। সেই সঙ্গে আমাদের এই মহৎ কাজে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি হিমেল কেমিক্যালস-নজরুল এন্ড ব্রাদার্স ও আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 















