গাইবান্ধায় মহান শিক্ষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভপতি ওয়ারেছ সরকার, জেলা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবেল শেখ, সহ-সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান রনি, সদস্য নয়ন চন্দ্র রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছরেও দেশে ধনী-গরীব সবার জন্য একই ধরণের শিক্ষা ব্যবস্থা চালু হয়নি। দেশে অর্থনৈতিক বৈষম্য বাড়ার সাথে সাথে শিক্ষাক্ষেত্রেও বেড়েছে বৈষম্য। যাদের টাকা আছে তাদের জন্য শিক্ষা, যাদের টাকা নাই তাদের জন্য শিক্ষার কোন সুযোগ নাই। তারা ধনী-গরীব সবার জন্য শিক্ষার সমান সুযোগ দাবি করেন।
সেই সাথে বক্তারা গাইবান্ধা সরকারি কলেজে অবিলম্বে ছাত্র হোস্টেল চালু, কলেজ গেটে ফুটওভারব্রীজ নির্মাণসহ কলেজের সকল সমস্যা সমাধানের দাবি জানান।
পরে শহরের ১নং রেল গেটস্থ জেলা কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















