গাইবান্ধা সদরের তুলশীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ে কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে প্রথম দিনে ১১ প্রতিষ্ঠানের ৩৬১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
শনিবার (৯ ডিসেম্বর) বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত আঞ্চলিক কিন্ডার গার্ডেন গ্লোবাল ভিলেজ মেধাবৃত্তি এসোসিয়েশনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, প্রাথমিকের ৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা না থাকায় কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
জানা যায়, গাইবান্ধার বিভিন্ন গ্রামাঞ্চলের চালু থাকা বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুল সমুহের শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণার পাশাপাশি শিক্ষার্থীদের মাসিক মেধাবৃত্তির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার । এরই ধারাবাহিকতায় তুলশীঘাট আঞ্চলিক কিন্ডার গার্ডেন বৃত্তি উন্নয়ন প্রকল্পের সদস্যভূক্ত স্কুল সমুহের বিশেষ মেধাবৃত্তি পরীক্ষা শুরু করা হয়।
বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সহ সভাপতি শাহ মো. আবু আউয়াল রিজু জানান, প্রাথমিক শিক্ষায় কিন্ডার গার্ডেন স্কুল সমুহ ব্যাপক অবদান রেখে চলেছে। বর্তমানে শিশু শিক্ষার্থীদের প্রতিযোগীতার বিশেষ কোন ক্ষেত্র নেই। তাই বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগার কর্তৃক আয়োজিত আঞ্চলিক কিন্ডার গার্ডেন গ্লোবাল ভিলেজ মেধাবৃত্তি পরীক্ষায় ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী উপস্থিতি ব্যাপক।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















