হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে। এ বছর জেলায় মোট ৫৫৬টি পূজা মণ্ডপের শৃঙ্খলা রক্ষায় ৩ হাজার ৫১২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বলা হয়- আজ বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।
জানা জায়, গাইবান্ধার সাত উপজেলায় ৫৫৬টি পূজামণ্ডপের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮৫ টি পূজামন্ডপ, গুরুত্বপূর্ণ ১৫৮টি এবং সাধারণ হিসাবে সনাক্ত করা হয়েছে ৩১৩টি মণ্ডপ। এই মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক আনসার ও ভিডিপি সদস্যের পাশাপাশি পুলিশও মোতায়েন করা হয়েছে। এ বছরে পূজামণ্ডপে এবং আশেপাশে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।
বুধবার দুর্গোৎসব চলাকালে মণ্ডপ পরিদর্শনে দেখা গেছে- সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নুরন্নবী মন্ডলকে। তিনি বিভিন্ন মণ্ডপে গিয়ে গিয়ে তার সদস্যদের তদারকি করছেন।
গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শফিকুর রহমান জানান- এবার পূজামণ্ডপে ২৭৯ মেট্রিক টন চাল বিতরণ করেছেন।
গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি সহকারী জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলাম বলেন, প্রত্যেকটির অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।
গাইবান্ধা পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে করে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যা ব ও পুলিশ টহল দিচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















