দিনাজপুরের খানসামা উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার, গরু ও মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার, গরু ও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির ঘটনায় থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে গত ১২ নভেম্বর মঙ্গলবার রাতে তাদের আটক করে থানা পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন-উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর এলাকার ভরত দাস (২৮), চঞ্চল দাস ওরফে কেতু (৩৫), সুভাষ দাস (২৮), মানিক দাস (৩২), ভবানী দাস (৩৫) ও নীলফামারী সদর উপজেলার সোনারায় এলাকার রাজু ইসলাম (২৫)। সেই সাথে এদিন ডলার প্রতারণার সঙ্গে জড়িত তপন রায় নামে এক যুবককে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক মামলার এজাহারনামীয় ৬ চোরকে আটক করে ১৩ নভেম্বর বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যেকোনো চুরি-ছিনতাইরোধে থানা পুলিশ তৎপর রয়েছে। এজন্য সবার সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















