দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে মাজেদুল হক ও ট্রেজারার পদে আব্দুর রায়হান নির্বাচিত হয়েছেন। শনিবার খানসামা ডিগ্রি কলেজ হলরুমে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
জেলা সমবায় অফিসের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মোতাহার হোসেন সরদার বলেন, ২২৯ জন ভোটারের মধ্যে ২১৭জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চেয়ার প্রতীকে মো. মাজেদুল হক ১৫৬ ভোট পেয়ে চেয়ারম্যান ও বটগাছ প্রতীকে আব্দুর রায়হান ১৩১ ভোট পেয়ে ট্রেজারার নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় ভাইস চেয়ারম্যান পদে মো. ফিরোজ শাহ্, সেক্রেটারি পদে গোলাম রাশেদ চৌধুরী, ডিরেক্টর পদে মো. আনছারুল হক ও মতি লাল রায় নির্বাচিত হয়েছেন ।
খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিদায়ী চেয়ারম্যান আমিনুল হক বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটার, ভোটগ্রহণকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংবাদকর্মীদের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















