গাইবান্ধার সুন্দরগঞ্জে নিকাহ্ রেজিষ্ট্রার কাজী মো. আবু রায়হান মিয়া ওরফে তারার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বিয়ের দেন মোহরানায় জাল-জালিয়াতির অভিযোগে শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কাজী মো. আবু রায়হান মিয়া তারা উপজেলার বেলকা ইউনিয়নের নিকাহ্ রেজিষ্ট্রার ও পশ্চিম বেলকা গ্রামের মো. আবদুল জলিল মিয়ার ছেলে।
মানববন্ধনে বক্তব্য দেন বেলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার মামুন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ কবীর ও ভুক্তভোগী মো. হাফিজুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা কাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী মো. হাফিজুর রহমান বলেন, ২০২০ সালের শেষের দিকে বিয়ে করি প্রতিবেশি মো. রেজাউল মিয়ার মেয়ে মোছাঃ নিলুফা ইয়াসমিনকে। কিছুদিন যেতে না যেতেই বিরোধ সৃষ্টি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এ-সময় কাজীর কাছে নিকাহ্ রেজিষ্ট্রারের নকল নিতে যাই। এ সময় তিনি আবারও টাকা দাবি করেন। দিতে অস্বীকৃতি জানাই। পরে তিনি ২ লক্ষ ৮০ হাজার টাকার স্থলে ৫ লক্ষ ৮০ টাকার একটি নকল মেয়ে পক্ষকে ধরিয়ে দেন। এ নিয়ে আমি হয়রানি হচ্ছি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান ভুক্তভোগী মো. হাফিজুর রহমান। তিনি ওই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের মো. দুলা মিয়ার ছেলে।
কাজী মো. আবু রায়হান তারা বলেন, অভিযোগ সমুহ মিথ্যা এবং ভিত্তিহীন। বিয়ে রেজিষ্ট্রি করার সময় দেনমোহরানা যা ছিল, তাই কাবিননামার নকল কপিতে তুলে দেয়া হয়েছে। ওই বিয়েটি তালাক হয়েছে। বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। সেই কারণে উদেশ্যে প্রণোদিতভাবে মানববন্ধন করেছেন তাঁরা।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















