দিনাজপুরের বিরামপুরে এজেআর পার্সেল নামে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ১০৮ কার্টন যৌন উত্তেজক সিরাপ ও ১০ কাটুন বড়ি জব্দ করেছেন বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি’র সদস্যরা। এ সময় আক্তারুজ্জামানকে (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটকৃত ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত । এ ছাড়া একই অভিযোগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের বিরামপুর শাখা কার্যালয়টি সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন।
কারাদণ্ড পাওয়া আক্তারুজ্জামান জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত,ছামসুল হকের ছেলে। তিনি ‘পাবনা ফুড অ্যান্ড বেভারেজ’ নামে একটি কোম্পানির দিনাজপুর জেলার এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করতেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিরামপুর উপজেলার পৌর শহরের পল্লবী রোডে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাবনা শহর থেকে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রয়নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও বড়ির একটি চালান বিরামপুর এজেআর কুরিয়ার সার্ভিস কার্যালয়ে আসছে এমন গোপন সংবাদ পায় বিরামপুর বিজিবির বিশেষ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা বিরামপুর বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার মর্তুজা শাহিনের নেতৃত্বে বিজিবির একটি দল পৌর শহরের পল্লবী রোডে ওই কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় বিজিবির সদস্যরা কার্যালয় থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন ১০৮ কার্টন যৌন উত্তেজক সিরাপ ও ১০ কার্টুন বড়ি উদ্ধার করে। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫২ ধারায় ওই কোম্পানির এরিয়া ম্যানেজার আক্তারুজ্জামানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও অবৈধ পণ্য পরিবহন ও দীর্ঘদিন ধরেই বিভিন্ন পণ্যের আড়ালে অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ আদান প্রদান করার কারণে জে আর কুরিয়ার সার্ভিস বিরামপুর শাখাটি সিলগালা করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















