দিনাজপুরের খানসামা উপজেলার মাঝিয়ালির চরের বাসিন্দাদের বর্ষা মৌসুমে চলাচলের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। গতকাল ১৮ আগস্ট সোমবার দুপুরে ওই চরের বাসিন্দাদের হাতে নৌকা তুলে দেয়া হয়। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ও স্থানীয় সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খানসামার একমাত্র চর ‘মাঝিয়ালির চর’ বর্ষায় নদীতে বন্দি, নেই নিজের নৌকা এ সংবাদ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ নৌকা হস্তান্তর করা হয়। দ্রুত ব্যবস্থা নিয়ে নৌকা পেয়ে চরের বাসিন্দারা আনন্দ প্রকাশ করে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
মাঝিয়ালির চরের বাসিন্দা আব্দুল লতিফ বলেন, সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে নৌকা পেয়ে আমরা অত্যন্ত খুশি। আগের দেয়া নৌকা অকেজো হয়ে যাওয়ায় আমরা চরবাসিরা বর্ষা মৌসুমে দূর্ভোগে পড়তাম। এখন নৌকার মাধ্যমে সহজেই যাতায়াত করতে পারব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, চরের মানুষের দুর্ভোগের কথা জানতে পেরে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। নৌকা প্রদান করার ফলে তারা এখন সহজে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে সহজেই যাতায়াত করতে পারবেন। সবসময়ই উপজেলা প্রশাসন চরবাসীর পাশে থাকবে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















