গাইবান্ধার গোবিন্দগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগষ্ট) উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকার দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা ও সাবেক সদস্য সচিব নাজিম উদ্দিন আলমের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে বাঙালি নদীর উত্তোলনকৃত বালু নিয়ে দুই গ্রুপের কথা-কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। পরে গ্রামবাসী দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাজুড়ে পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ বিষয়ে মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা ও সাবেক সদস্য সচিব নাজিম উদ্দিন আলম সঙ্গের যোগাযোগের চেষ্টা করা তাদের পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গোপালপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















