দিনাজপুরের খানসামা উপজেলায় প্রায় ৬৮ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের তফির মেম্বারপাড়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। ধৃত আকিবুল ইসলাম (৫০) উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের তফির মেম্বারপাড়া মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূএ হকের নেতৃত্বে এস আই মোস্তাক বিল্লাহ, আলমাস, এ এস আই শরিফুল, আব্দুর রউফসহ সঙ্গীয় পুলিশ আকিবুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় আকিবুল ইসলামের শয়নকক্ষ থেকে একটি স্টিলের ট্রাঙ্কে রক্ষিত ৬৭.৪ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। অভিযানের সময় চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের বটিকাটা পাড়ার আজাহার আলী (৫০) নামে এক ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূএ হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬৭.৪ কেজি গাঁজাসহ আকিবুল ইসলামকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাঁকে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি মো. কামরুজ্জামান সরকার থানা পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন যাবতীয় সহযোগিতা প্রদান করবে। এজন্য উপজেলার সব শ্রেণিপেশার মানুষকে সজাগ ও সচেতন থাকতে হবে।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














