সারাদেশের ন্যায় ৮ দফা দাবিতে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) পরীক্ষা বর্জন করে গাইবান্ধা–সাঘাটা সড়কে বিক্ষোভ চলাকালে সড়কের ওপর গাছ ফেলে প্রায় দুই ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ রাখা হয়।
এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- শিক্ষার্থী নুর মোহাম্মদ শরীফ, নিয়ন ইসলাম, মোছা. মারুফা খাতুন, ফারজানা আকতারসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, প্রায় ৯ মাস আগে ৮ দফা দাবি নিয়ে আন্দোলন করা হলে তৎকালীন কৃষি উপদেষ্টা দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো দাবি বাস্তবায়ন হয়নি। ফলে বাধ্য হয়েই তারা পরীক্ষা ও ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, উপ-সহকারী কৃষি কর্মকর্তার পদকে দ্বিতীয় শ্রেণির গেজেটভুক্ত করা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট নিরসনসহ মোট আট দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের এই কর্মসূচি চলছে।
পরে প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














