গাইবান্ধার জোনার ফাউন্ডেশন নামেরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করে চলেছে।
চলতি পহেলা রমজান থেকে শুরু হওয়া এই উদ্যোগে জেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসার কুরআন পড়ুয়া এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা করা যাচ্ছে।
এই ইফতার আয়োজনে থাকছে- ছোলা, বুন্ডিয়া, খেজুর, কলা, আপেল, কমলা, বরই, মুড়ি, সালাদ, শরবত, তেহারি সহ নানা পুষ্টিকর খাবার।
প্রতিদিন গড়ে প্রায় ৫০ থেকে ৭০ জন এতিম ও দুস্থ শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিয়ে ইফতার করছে। যা তাদের মুখে এনে দেয় আনন্দের হাসি এবং হৃদয়ে জাগায় ভালোবাসার অনুভূতি।
মানবতার এই উদ্যোগ বাস্তবায়নে সর্বস্তরের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সহযোগিতা প্রদান করছে- ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, ভিক্টর লাইফস্টাইল, সুপ্যালেস গাইবান্ধা এবং জেড এফ মার্চেন্ট নামের প্রতিষ্ঠান।
গাইবান্ধার জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন বলেন, ২০১৪ সালের জুলাই মাসে কর্ম এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে ২০২০ সাল থেকে জোনার ফাউন্ডেশন প্রান্তিক অঞ্চলের মাদরাসাগুলোতে মাসব্যাপী ইফতার আয়োজন করে আসছে। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে মানবতার এই কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















