আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে গাইবান্ধা জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করেছে র্যাব-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প।
সাধারণ মানুষ যেন নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলার পশুর হাট, মহাসড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
শনিবার (২৩ মে) গাইবান্ধার ভরতখালী হাটে র্যাবের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে মানুষের ব্যাপক সমাগম হওয়ায় চুরি, ছিনতাই, জাল টাকা লেনদেন, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। জেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে নিয়মিত টহল, সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এছাড়া জাল নোটের প্রতারণা ঠেকাতে পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন ব্যবহার করে অভিযান পরিচালনা করা হবে। সন্দেহজনক ব্যক্তি ও কর্মকাণ্ড নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানানো হয়েছে।
ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে ও টার্মিনাল এলাকায় বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। পাশাপাশি বিশেষ গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাতে বেআইনি পণ্য পরিবহন ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখা যায়।
প্রেস ব্রিফিংয়ে আরও জানায়, পুলিশের সঙ্গে সমন্বয় করে যানজট নিয়ন্ত্রণ, শপিং মল ও বাজারে জাল টাকা প্রতিরোধ এবং বাজার ব্যবস্থাপনায় গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় গাইবান্ধায় আসন্ন ঈদ-উল আযহা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















