গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তালাক দেওয়া স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনার মামলায় সাবেক স্বামী আল আমিনকে (২৪) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৪ মে) র্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আসামি আল আমিন জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রায় আড়াই বছর আগে আল আমিন বিয়ে করেন। এরপর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায়ই মানসিক নির্যাতন করেন। এরই একপর্যায়ে গত বছরের ১৯ অক্টোবর স্ত্রীকে একতরফা তালাক দেন আল আমিন। এরপর পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে সাবেক স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনায় বিয়ের জন্য চাপ দিলে তা অস্বীকার করেন আল আমিন। বাধ্য হয়ে গত ৫ মে সাবেক স্ত্রী বাদী হয়ে ধর্ষক আল আমিনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তখন থেকে আত্নগোপনে থাকেন আসামি আল আমিন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে শনিবার (২৩ মে) বিকেলে দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ও র্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার, ঢাকার যৌথ একটি আভিযানিক দল আশুলিয়া এলাকার কাঠগড়া বাজারে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আল আমিনকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















