প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে লালমনিরহাটে নির্মিত হয়েছে অত্যাধুনিক কসাইখানা। এই কসাইখানায় প্রতি ঘণ্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল বা ভেড়া জবাই ও প্রস্তুত করা সম্ভব হবে।
সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ডেভেলপমেন্ট অব লাইভস্টক সার্ভিসেসের আওতায় ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট’ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পর কসাইখানাটি লালমনিরহাট পৌরসভার কাছে হস্তান্তর করা হবে।
সোমবার (২৫ মে) বিকেল ৪ টায় লালমনিরহাট পৌরসভার ৪ ওয়ার্ডের নবাবের হাটের পূর্ব পাশে নির্মিত এ আধুনিক কসাই খানার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, এটি অত্যন্ত নিরাপদ ও বৈজ্ঞানিক উপায়ে রোগমুক্ত মাংস প্রক্রিয়াজাতকরণের একটি আধুনিক কসাইখানা। দেশের প্রতিটি জেলায় এ ধরনের কসাইখানা থাকা উচিত।
তিনি আরও বলেন, আমরা যত্রতত্র পশু জবাই করি, যা পরিবেশ দূষণ ও রোগ ছড়ানোর কারণ হয়। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
কসাইখানাটি চালু হওয়ায় যত্রতত্র গরু ও ছাগল জবাইয়ের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ অনেকাংশে কমবে। পাশাপাশি মাংস ব্যবসায়ীদের শ্রম ও সময়ও সাশ্রয় হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, পৌর প্রশাসক মোঃ রাজিব আহসান ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















