বগুড়ার নন্দীগ্রামে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই উৎপাদন এবং বাজারজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা বাজারের ভাই ভাই দধি ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দই উৎপাদন, বাজারজাত, উৎপাদিত পণ্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) ও অন্যান্য বাধ্যতামূলক তথ্য উল্লেখ না করার প্রমাণ পায়। উল্লেখিত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাই ভাই দধি ভান্ডারের স্বত্বাধিকারী হোসেন আলী (৫৬) কে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন। সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 










