ডিলারি লাইসেন্স কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। সারের কৃত্রিম সংকট তৈরি করলে লাইসেন্স বাতিল করা হবে। লাইসেন্স যারা দিতে পারে তারা বাতিল করার ক্ষমতাও রাখে। মঙ্গলবার রাতে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। সমস্যা বিতরণে। যারা কৃষক তাদের পাশাপাশি সাধারণ পাবলিক সার তুলে কৃত্রিম সংকট তৈরি করছে। এবং কিছু কৃষক সার মজুদ করার চেষ্টা করছে।
ডিলারদের উদ্দেশ্য করে বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ডিলার ও ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে সারের দাম বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। বর্তমানে দেশে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকদের যুক্তিসংগত চাহিদা অনুযায়ী প্রয়োজনে অতিরিক্ত সার সরবরাহ করা হবে।
সারের নির্বিঘ্ন বিতরণ নিশ্চিত করতে সীমান্ত এলাকায় চোরাচালান রোধ এবং লাইসেন্সবিহীন সার ব্যবসা বন্ধে মাঠ পর্যায়ে নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
কোনো কৃষি কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধেও বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।
সার ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতি কেজি সারে কমিশন বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করছে। সৎ ব্যবসায়ীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে অসৎ ব্যবসায়ী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সভায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ, ডিলার পর্যায়ে সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ এবং কৃত্রিম ঘাটতি ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের লালমনিরহাট জেলা ইউনিট এর সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম।
মোঃ শাহজাহান সাজু. করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 






















