গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
রোববার (৪ সেপ্টেম্বর) এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সুন্দরগঞ্জ থানার পূর্ব হাতিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে সুজা মিয়া (৩২) এবং কুড়িগ্রামের রৌমারী থানার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে নুরুজ্জমান মিয়া (৪২)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটে সুন্দরগঞ্জ উপজেলার বালারছিড়া মোড় এলাকায় চেকপোস্ট বসায় সিপিসি-৩, এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তিকে তল্লাশি করে ৮৩২ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৯০ টাকা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 













