উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্বের পর এবার বিভাগীয় পর্যায়েও সাঁতারে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে সীমা। ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুরের খানসামা উপজেলার সখিনা ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সীমা আক্তার।
শনিবার দুপুরে রংপুরে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সীমা আক্তার উপজেলার সুবর্ণখুলী গ্রামের রুবেল ইসলামের মেয়ে।
জানা গেছে, কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই গ্রামের পুকুরে নিয়মিত সাঁতার কেটে দক্ষতা অর্জন করে সীমা। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে উপজেলা ও জেলা পর্যায়ের গণ্ডি পেরিয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সীমমা। তার এই সাফল্যে বিদ্যালয়, পরিবার ও স্থানীয়রা আনন্দিত।
এদিকে, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সখিনা ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও কয়েকটি ইভেন্টে সাফল্য অর্জন করেছে। উপজেলা পর্যায়ে হ্যান্ডবলে প্রথম স্থান, দাবায় দ্বিতীয় স্থান এবং সাঁতারে রিলেসহ চারটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, সীমার এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তার এমন সাফল্য সত্যিই প্রশংসনীয়। তার মতো প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার উদ্যোগ নেয়া হবে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 













