প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। যেতে হয় কক্সবাজারের টেকনাফ হয়ে। কিন্তু বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে সেখানে যেতে পারবেন না পর্যটকরা। এরই মধ্যে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ বলেন, স্বাভাবিকভাবে প্রতিবছর ৩১ মার্চ পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল করে থাকে। অনেক সময় এই সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়। কিন্তু করোনার কারণে এবার তা সম্ভব হচ্ছেনা। তাই স্বাভাবিক নিয়মে ১ এপ্রিল থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে।
টেকনাফ স্টেশনের বিআইডব্লিউটিএ কর্মকর্তা আমজাদ হোসেন জানান , গত বছরের ১২ নভেম্বর থেকে এ নৌপথে পর্যটক পরিবহনের জন্য বিভিন্ন মেয়াদে আটটি জাহাজকে অনুমোদন দেয়া হয়েছিল। যার মধ্যে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও এমভি শহীদ সালামের অনুমতি দেয়া হয়। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই জাহাজগুলো আর চলাচল করতে পারবে না। প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, কক্সবাজার 
















