সর্বাত্নক লকডাউনের দ্বিতীয় দিনে গাইবান্ধায় সরকারি নির্দেশনা অমান্য করায় ১১টি পরিবহনসহ আরো ৯ জনের ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক এ জরিমানা করেন ভ্রাম্যমান আদলতের বিচারকরা।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিনব্যাপী মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, করোনা সংক্রমণ ঠেকাতে ও সর্বাত্নক লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে প্রশাসন। গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিনের নির্দেশনায় প্র্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালতে অংশ নেন। এসময় গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাজার, শাপলা মিল ও তুলশীঘাট এলাকায় এবং পলাশবাড়ী উপজেলার মাঠের হাট, ঢোল ভাংগা ও ঠুঠিয়াপুকুরে যথাযথ স্বাস্থ্য বিধি না মানা, নিষেধাজ্ঞা অমান্য করা, দোকান খোলা ও মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে ৯ টি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে, গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলা প্রশাসন ও হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে অভিযান চালানো হয়। এসময় লকডাউন আদেশ অমান্য করায় ১১টি পরিবহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
তোফায়েল হোসেন জাকির 















