সর্বাত্নক লকডাউনের দ্বিতীয় দিনে গাইবান্ধায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৩১ মামলায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথকস্থানে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদলতের বিচারকরা।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিনব্যাপী জেলার ঢাকা-রংপুর মহাসড়কসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, করোনা সংক্রমণ ঠেকাতে ও সর্বাত্নক লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে প্রশাসন। গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিনের নির্দেশনায় প্র্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালতে অংশ নেন। এসময় লকডাউনের নির্দেশনা অমান্য করায় গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাজার, শাপলা মিলসহ বিভিন্ন স্থানে ১৬ টি মামলায় ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে, গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলা প্রশাসন ও হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে অভিযান চালানো হয়। এসময় লকডাউন আদেশ অমান্য করায় ১১টি পরিবহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ।
অপরদিকে, পলাশবাড়ী উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ৪ টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
তোফায়েল হোসেন জাকির 















