গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় করোনা সংক্রমণ বেড়েই চলছে। এরই মধ্যে একই গ্রামে একাধিক পরিবার ও একই পরিবারে একাধিক ব্যক্তি সংক্রমিত হওয়ায় সেইসব বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছে প্রশাসন।
সোমবার ( ৫ জুলাই) সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের নির্দেশে জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামের করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা টাঙ্গানো হয়। জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডলের সহযোগিতায় ওইসব বাড়িতে পতাকা টাঙ্গিয়ে দেন গ্রামপুলিশ সদস্যরা।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, রোববার (৪ জুলাই) পর্যন্ত এ উপজেলায় আক্রান্ত হয়েছে ২০৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪২ জন, মৃত্যুবরণ করেছে ৩ জন রোগি। বর্তমানে ৬৩ জন রোগি আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল বলেন, চিকনী গ্রামে বেশকিছু পরিবারের মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভাইরাসটি যেন বিস্তার না হয় এবং আশপাশের মানুষরা যাতে করে সতর্ক থাকেন, সে বিষয়টি বিবেচনা করে সংক্রমিত বাড়িগুলোতে লাল পতাকা টাঙ্গানো হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ বিভিন্নভাবে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে চিকনী গ্রামের করোনা পজেটিভ ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















