গাইবান্ধার সুন্দরগঞ্জে লকডাউন উপেক্ষা করে পাঁচপীর বাজারে পশুরহাট জমজমাটভাবে বসানো হয়েছে। হাটের কাঁচা বাজারসহ ব্যবসায়ীদের মুখেও নেই মাস্ক। বলা চলে লকডাউন মানাতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ও পদক্ষেপ থাকলেও উদাসীন জনসাধারণ।
গত ১ জুলাই থেকে থেকে শুরু হওয়া কঠোর লকডাউন মানাতে ব্যাপক প্রস্তুতি স্থানীয় প্রশাসন গ্রহণ করলেও দিন যত যাচ্ছে লকডাউন তত ঢিলে-ঢালা হচ্ছে। সড়কগুলোতে চলছে রিক্সার পাশাপাশি ব্যাটারী চালিত অটোবাইক ও অটোভ্যান ব্যাপক হারে।
শুক্রবার (৯ জুলাই) বিকাল ৫ টার দিকে সরেজমিনে দেখা গেছে, পাঁচপীর হাটে চলাচলরত কম সংখ্যক লোকজনের মুখে মাস্ক রয়েছে। হাট-বাজারগুলোতে সামাজিক দুরত্বের কোন বালাই নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি লকডাউনের আদেশ অমান্য করে গরু ও ছাগলের হাট বসানো হয়েছে। স্বাস্থ্যবিধিরও কোন বালাই নেই। সব চেয়ে পরিতাপের বিষয় হলো প্রশাসন টহল দিয়ে যাওয়ার পরপরই সাধারণ মানুষ অকারণে রাস্তায় বের হয়ে হাট-বাজারগুলোতে ঘোরাফেরা করছে। লকডাউন না মেনে হাট পরিচালনার বিষয়ে ইজারাদার ফরিদ মিয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘আপনারা দাঁড়ান আমি আসতেছি, আপনাদেরকে কিছু খরচাপাতি দিব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ জানান, পশুর হাট বসাতে নিষেধ করেছি। আমি এখন পাঁচপীর হাটের দিকে যাচ্ছি।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 



















