করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার আবারও ১৪ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন। আজ সকাল ৬ টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলবে। আর লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে দিনাজপুর প্রশাসন। সকল স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে বিনা প্রয়োজনে কেউ ঘরের বাহির হতে পারবে না।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি জানিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
তিনি জানান, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই সরকার এই ভাইরাসের সংক্রমণের রোধে আবারও ১৪ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে চলতে হবে। স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক পরিধান করে প্রয়োজনে বের হতে হবে। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাহিরে যেতে পারবে না।
তিনি আরও জানান, লকডাউন পরিচালনার জন্য জেলার ১৩ টি উপজেলায় পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার এবং সেনাবাহিনী কাজ করছেন। জেলার প্রতিটি উপজেলার নির্বাহী অফিসাররা কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছেন।
হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের আজ প্রথম দিন। হিলির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং বেশ কয়েকটি মোড়ে পুলিশি চেকপোস্ট বসিয়েছি। কোন প্রকার গণপরিবহন যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। প্রতিটি যানবাহন চেক করা হচ্ছে, বিনা প্রয়োজনে কাউকে বাড়ির বাহিরে যেতে দেওয়া হচ্ছে না। সবার মুখে অবশ্যই মাস্ক ব্যবহারের জন্য বলা হচ্ছে।
হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম জাগো২৪.নেট-কে বলেন, সরকারি বিধিনিষেধ সবাইকে মানতে হবে। ১৪ দিনের কঠোর লকডাউনে আজ প্রথম দিন। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে এবং বাজারে অভিযান চালাচ্ছি। নিত্যপ্রয়োনীয় পণ্য বিক্রি করার দোকান নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখতে পারবে। অন্যান্য দোকানপাট খুলে রাখতে দেওয়া হচ্ছে না।
স্পেশাল করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, দিনাজপুর 



















