তোফায়েল হোসেন জাকির: কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় গাইবান্ধায় ইউনিয়ন-পৌরসভা পর্যায়ে শুরু হয়েছে গণটিকা কার্যক্রমন। এ কার্যক্রমের প্রথম দিনে ৫১ হাজার ২৩০ জন মানুষকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) গাইবান্ধা জেলার ৭ উপজেলায় টিকাদান ক্যাম্পেইন শেষে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
উপজেলাগুলোর মধ্যে সদরে ৮ হাজার ৯৫৮, গোবিন্দগঞ্জে ১০ হাজার ৬৬৪, পলাশবাড়ীতে ৫ হাজার ২৯৪, সাদুল্লাপুরে ৬ হাজার ৩৫৮, সুন্দরগঞ্জে ১০ হাজার ৫৩৮, সাঘাটায় ৫ হাজার ৩২৪ ও ফুলছড়ি উপজেলায় ৪ হাজার ৯০ জনকে সিনোফার্ম (ভেরোসিল) টিকা প্রদান করা হয়।
এছাড়াও রেগুলার কোভিড-১৯ টিকাকেন্দ্র থেকে ৩ হাজার ৭২০ জনকে ভেরোসিল টিকা ও কোভিশিল্ড ভ্যাকসিনের ২য় ডোজ ৭৪০ জনকে দেওয়া হয়েছে। এ নিয়ে আজ শনিবার গাইবান্ধা জেলায় সর্বমোট টিকা দেওয়া হয়েছে ৫৫ হাজার ৬৯০ জন ব্যক্তিকে।
গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. মো. হাফিজুর রহমান এ তথ্য সত্যতা স্বীকার করে জাগো২৪.নেট-কে বলেন, এই বিশাল কর্মযজ্ঞ গাইবান্ধা স্বস্থ্য বিভাগের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। সেটি সিভিল সার্জন মহোদয়ের দিকনির্দেশনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের ঐকান্তিক প্রচেষ্টায় গাইবান্ধা জেলার টার্গেটের প্রায় শতভাগ অর্জিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন জাগো২৪.নেট-কে জানান, শনিবার গণটিকা ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা ছিল ৫১ হাজার ৬০০ জনের। এর মধ্যে অর্জন হয়েছে ৫১ হাজার ২৩০ জন। যার শতকরা ৯৯.২৮ ভাগ।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















