দিনাজপুরের বিরামপুরে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিন মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার পৌর শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। এ সময় বিরামপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় ওই এলাকার তিন মাদক সেবীকে হাতে নাতে আটক করে।
পরে ঘটনা স্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবী মইনুল ইসলাম(৩০)কে এক বছর,আবু সাইদ (৪০) ও বাবুল (৪০) কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন বিরামপুর পৌর শহরের ইসলাম পাড়ার হাবিবুর রহমানের ছেলে মইনুল ইসলাম(৩০),নবাবগন্জ উপজেলার শগুন খোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে আবু সাইদ(৪০) ও একই উপজেলার হরিল্লাখুর গ্রামের আব্দুর হাকিমের ছেলে বাবুল(৪০)।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার মহন্ত জাগো২৪.নেট-কে জানান, মাদক সেবনের দায়ে সাজা প্রাপ্তদের মঙ্গলবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জাগো২৪.নেট-কে বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক সেবীকে আটক করা হয়। এদের একজনকে এক বছর ও দুইজনকে ছয় মাস করে সাজা দেয়া হয়েছে। তিনি আরো বলেন বিরামপুর উপজেলাকে মাদক মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















