দিনাজপুরের বিরামপুর উপজেলায় গরু ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ১ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামীর নাম শাহাজান (৩৮) বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর বকুল তলা মহল্লার সামসুদ্দিন ওরফে কুড়ালের ছেলে।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৬ টার দিকে পৌর শহরের পুর্বজগন্নাথপুর শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার পূর্বজগন্নাথপুর মহল্লার গরু ব্যবসায়ী জমিন উদ্দিনের খামারে দেশের বিভিন্ন জেলা থেকে গরু ব্যবসায়ীগন গরু কিনতে আসে। গরু কেনা কাটা করে ৬ জন গরু ব্যবসায়ী আমবাড়ী হাটের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ওঁৎপেতে থাকা দূর্বৃত্তরা পথ রোধ করে তাদের ভয়ভীতি দেখাতে শুরু করে। এ সময় ৪ জন গরু ব্যবসায়ী পালিয়ে গেলেও বাকি ২ জন গরু ব্যবসায়ীকে আটকে রেখে ৪ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে বিষয়টি জানাজানি হলে খামারি জসিম উদ্দিনের ছেলে মামুনের সহযোগিতায় ২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধারসহ শাহাজানকে আটক করে থানা পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জাগো২৪.নেট-কে জানান, বিষয়টি নিয়ে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















