করোনাভাইরাসে মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবল ও দিনাজপুরের খানসামা উপজেলার সন্তান নাজমুল ইসলাম স্মরণে দেশের প্রথমবারের মতো খানসামা থানায় নির্মিত করোনা যোদ্ধা কনস্টেবল নাজমুল ইসলাম স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেনের পরিকল্পনায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মিত লাইব্রেরীর ভার্চুয়ালী উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিনুজ্জামান, মরহুম কনস্টেবল নাজমুল ইসলামের স্ত্রী শারমিন আক্তার লাভলী, ৬ বছর বয়সী ছেলে সোয়েব জামান ও ১০ বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার সাথী, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীসমাজসহ থানা পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় স্বামীর নামে লাইব্রেরি নির্মাণ করায় মরহুম কনস্টেবল নাজমুল ইসলামের স্ত্রী শারমিন আক্তার লাভলী থানা পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন জাগো২৪.নেট-কে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ কীভাবে জনগণের বন্ধু হতে পারে সেই লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যেই করোনাযোদ্ধা নাজমুল ইসলাম স্মরণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাঠাগার নির্মাণ করা হয়েছে। যেন এই লাইব্রেরি জ্ঞানভিত্তিক মানবিক সমাজ গঠন ও অপরাধ দমনে কার্যকরী ভ‚মিকা রাখতে পারে।
উল্লেখ্য, কনস্টেবল নাজমুল ইসলাম উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামের সন্তান। তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। গত ২০২০ সালের ১৬ অক্টোবর গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের একাউন্টিং শাখায় কর্মরত থাকাবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















