গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর নামে প্রায় দেড়’শ কোটি টাকা অপচয় করা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে নাগরিক মঞ্চ, গাইবান্ধা।
সোমবার (২৩ আগস্ট) গাইবান্ধা ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে দুই ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে সভাপতিত্বে করেন নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেল।
বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব ও জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম পারভেজ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যা, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাড. আশরাফ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল, সাবেক পৌর কাউন্সিলর জি এম চৌধুরি মিঠু, নারী নেত্রী রোকেয়া খাতুন, নিলুফার ইয়াছমিন শিল্পী, গাইবান্ধা কলেজের সাবেক ভিপি মোক্তাদুর রহমান মিঠু, শ্রমিকনেতা নুর মোহাম্মদ বাবু, আব্দুল মতিন আকন্দ, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, সাম্যবাদী আন্দোলনের সবুজ মিয়া, কৃষক আন্দোলনের জুয়েল মিয়া, যুব ইউনিয়নের রানু সরকার, রবিদাস ফোরামের খিলন রবিদাস, ছাত্র নেতা ওয়ারেছ সরকার, শামীম আরা মিনা প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি বিআইডব্লিউটিএ আবার প্রতিবেদনে বলেছে এ পথে ফেরি চলাচল সম্ভব নয়। এই প্রকল্প বাস্তবায়নের আগে নাকি সম্ভাব্যতা সমীক্ষা করা হয়নি। এতে গাইবান্ধার মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। গাইবান্ধার মানুষ প্রশ্ন তুলছে তাহলে এ প্রকল্প কি লুটপাটের উদ্দেশ্যেই করা হয়েছিল?
বক্তারা আরও বলেন, টাকার একটি প্রকল্প কোন প্রকার যাচাই বাছাই সম্ভাব্যতা পরীক্ষা ছাড়াই খরচ করা হলো এটা গাইবান্ধাবাসীর সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। এ ঘটনার মধ্যদিয়ে গাইবান্ধাবাসীর সাথে বড়ধরণের প্রতারণা করা হয়েছে। কার লুটপাটের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে তা গাইবান্ধার মানুষ জানতে চায়। সেইসাথে অবিলম্বে বালাসী-বাহাদুরাবাদ ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নেরও দাবি করা হয় সমাবেশ থেকে এবং এই দেড়শ কোটি টাকা অপচয় ও লুটপাটের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুসিয়ারি দেন।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















