দিনাজপুরের ঐতিহাসিক মুঘল আমলের ঘোড়াঘাট দুর্গটির অস্তিত্ব আজ বিলুপ্তির পথে। ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর থেকে ৪ কিলোমিটার দক্ষিণে সাহেবগঞ্জ মৌজায় করতোয়া নদীর তীর ঘেঁষে জরাজীর্ণভাবে দাঁড়িয়ে আছে এক সময়ের রণ হুঙ্কারে গর্জে ওঠা মধ্যযুগের বাংলার বৃহত্তম এ দুর্গ। এখন এখানে বসতি গড়ে উঠেছে। বর্তমানে অস্তিত্বের অংশটি মাজারপাড়া নামে পরিচিত। স্থানীয়রা মনে করেন আগামী প্রজন্ম ও পর্যটকদের নিকট আকর্ষণীয় করতে এখনই এর স্মৃতিচিহ্ন রক্ষায় এগিয়ে আসা উচিত।
ঘোড়াঘাট দুর্গের পূর্বদিকে প্রবাহিত করতোয়া নদী এবং পশ্চিম, দক্ষিণ ও উত্তর দিকে (লাগোয়া) পরিখা দ্বারা বেষ্টিত। সুলতানী আমলের আগে এ দুর্গের ভিত প্রতিষ্ঠিত হলেও মুঘল আমলে এর উন্নতি সাধিত হয়। অনেক গবেষকের গ্রন্থে প্রমাণ মেলে উত্তরবঙ্গের মধ্যে এটি একটি মাঝারি ধরনের মাটির দুর্গ ছিল।
কার্নিংহামের মতে, ঘোড়াঘাট শহরের আয়তন উত্তর-দক্ষিণে ১০ মাইল ও প্রস্থে ২ মাইল। আ. কা. মো. যাকারিয়ার বাংলাদেশ প্রত্নসম্পদ গ্রন্থের তথ্যমতে, আলোচ্য দুর্গটি উত্তর-দক্ষিণে লম্বা ও পূর্ব-পশ্চিম দেয়ালের দৈর্ঘ্য অনুরুপ, উত্তর দেয়াল অন্তত আধা মাইল এবং দক্ষিণ দেয়াল অন্তত এক মাইল লম্বা। ধারণা করা হয়, এই সীমানা কেবল দুর্গের কেন্দ্রের। বিশেষ করে দক্ষিণ দিকে আরো প্রলম্বিত ছিল। উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে যে পরিখা দেখা যায় তা অনন্ত ৬০ ফুটে চওড়া। পশ্চিম দেয়ালের উত্তরাংশে দুর্গের প্রধান প্রবেশ পথ ছিল। প্রবেশ পথ থেকে ৪০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে দুর্গের দ্বিতীয় আন্তদেয়ালের শুরু। এর পাশেই ছিল ফৌজদার ভবন। তাছাড়াও দুর্গ বেষ্টনীরর প্রধান অংশে ছিল প্রশাসনিক ভবন, সেনা ছাউনী, সামরিক কর্মচারীদের বাসভবন, মসজিদ ও মাদরাসা। এখন শুধু পরিখার ওপরে ৮/১০ ফুট উঁচু লাল মাটির প্রাচীর আছে যেগুলো পথিকদের দৃষ্টি আকর্ষণ করে। তবে আজ আর নেই এর কোন অস্তিত্ব। সম্রাট আকবরের আমলে এই দুর্গে ৯০০ অশ্বারোহী, ৫০টি হাতি ও ৩২ হাজার ৬০০ পদাতিক সৈন্যের স্থান সংকুলান হতো। দুর্গের অভ্যন্তরভাগে পশ্চিম দিকে (পাঁকা সড়কের ধারে) ফৌজদার ভবনের কাছাকাছি জায়গায় একটি ধ্বংসপ্রাপ্ত মসজিদ, মসজিদের পশ্চিম দিকে পুরাতন জরাজীর্ণ কবর ও মসজিদের সামনে একটি ৮ কোণী ইদারা এবং দক্ষিণ পাশে গোলাকার আরেকটি পরিত্যক্ত ইদারা যা প্রায় ভরাট হয়ে গেছে। এখন কিছু বৃক্ষরোপন করা হয়েছে। অধুনা এই স্থানটি মাজারপাড়া বলে পরিচিত।
দুর্গনগরীর অভ্যন্তরে ধ্বংসপ্রাপ্ত মসজিদটি ঘোড়াঘাট মসজিদ বলে পরিচিত। এর দৈর্ঘ্য ৪৬ ফুট ও প্রস্থ ২২ ফুট। কার্নিস পর্যন্ত উচ্চতা অনন্ত ১৪ ফুট। সামনে ৩ দরজা ও ওপরে ৩ গম্বুজ। চারকোণায় ৪টি মিনার ছিল। তা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। উত্তর দিকের গম্বুজ ও দেয়াল ভেঙ্গে পড়েছে। দেয়ালের পুরুত্ব ৪০ ইঞ্চির মতো। সমগ্র পলেস্তারা খসে পড়েছে। ভিতরে ৩ কাতার নামাজির স্থান সংকুলান হতো। এক সময় এ মসজিদটি অত্যন্ত সৌন্দর্যমন্ডিত ছিল। বুকানন হেমিল্টনের দেয় তথ্যমতে, আলোচ্য মসজিদটি নবাব আলীবর্দি খানের আমলে ১১৫৩ হিজরিতে (১৭৪০ খ্রি.) মোহাম্মদ হোসেনের ছেলে জয়নাল আবেদীন নির্মাণ করেন। এই জয়নাল আবেদীন ঘোড়াঘাট দুর্গের ফৌজদার ছিলেন। উল্লেখ্য, দুর্গের দক্ষিণ পূর্ব দিকে আলাউদ্দিন হোসেন শাহর আমলে নির্মিত দ্বিতীয় আরেকটি মসজিদের ধ্বংসাবশেষ চাম্পাতলী থেকে আবিষ্কৃত হয়েছে। ওই মসজিদের শিলালিপিটি বগুড়া জাদুঘরে রক্ষিত আছে বলে বাংলাদেশ প্রত্নসম্পদ গ্রন্থে উল্লেখ আছে। অনেকের ধারণা, সেনানিবাসের মধ্যে থাকা আলোচ্য মসজিদটিতে ফৌজদার ও উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরা নামাজ আদাঢ করতেন। মসজিদের সামনে ৮ কোণী (প্রায় ১২ ফুট বেড়) একটি পাকা ইদারা আছে। আবার একই মসজিদের দক্ষিণ পাশে লাগোয়া আরেকটি ইদারা আছে। এটি গোলাকার। এর ওপরের মুখ এখন সমতল ভূমি। মুখের ব্যাস অনন্ত ৬ ফুট। ধারণা করা হচ্ছে, এই ইদারা দুইটির পানি নামাজিদের ওযুর জন্য ব্যবহার হতো। এখন পরিত্যক্ত অবস্থায় আছে। ভিতরে পানি নেই, ভরাট হয়ে গেছে ইদারা। দ্বিতীয় ইদারার পশ্চিম পাশে পাকা সড়কের ধারে মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণে লাগানো একটি পাকা কবরের অস্তিত্ব লক্ষ্য করা যায়। বাঁধানো কবরের কিঝু অংশের ইট খুলে পড়েছে। কবরটি কার তােজানা যায়নি। এই কবরের আশপাশে আরো কিছু কবরের অস্তিত্ব বিদ্যমান। তবে সেগুলো অনেক আগেি মাটির সাথে মিশে গেছে। অধুনা স্থানটি ‘মাজারপাড়া’ বলে স্থানীয়দের নিকট পরিচিত। ২০০৮ সালে স্থানটি পরিদর্শনকালে মসজিদের পাশে একটি সাইনবোর্ডে তা লেখা রয়েছে। সেই সাথে জঙ্গলে ঢাকা সমুদয় স্থানটি পরিষ্কার করা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হওয়া সত্ত্বেও দেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোন সাইনবোর্ড সেখানে দেয়া হয়নি। প্রতিদিন শত শত বাসযাত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই পরিত্যক্ত ও প্রাচীন নিদর্শনটি। উল্লেখ্য, এ সমাধি থেকে ১ কিলোমিটার পূর্ব দিকে নদীর ধারে চম্পাতলী নামক স্থানে বাঁধানো ঘাট ও উঁচু একটি ঢিবির অস্তিত্ব দেখা যায়। স্থানীয় বাসিন্দারা এ স্থানকে পুঁথি সাহিত্যের সাথে সংশ্লিষ্ট গাজী কালু ও চম্পাবতীর স্মৃতিবিজড়িত নিদর্শন বলে মনে করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















