“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি” এই প্রতিপাদ্যে লালমনিরহাটে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরে ছয়টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১৫ জুলাই) সকালে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। কর্মসূচিতে স্থানীয় ১৯৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক মোঃ আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ডেপুটি কো-অর্ডিনেটর মূরশেদুল করিম।
উদ্বোধন করা ছয়টি ট্রেডের মধ্যে রয়েছে—কম্পিউটার বেসিক এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, পোশাক তৈরি এবং গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে নেবে।
এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
মোঃ শাহজাহান সাজু. করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 


















