বাংলাদেশ সীমান্তে প্রাণক্ষয়ের পেছনে অপরাধমূলক কর্মকাণ্ডকে মূল কারণ হিসেবে দেখছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর এ কথা বলেন।
সীমান্ত হত্যা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি মনে করি, আমরা একমত হয়েছি, যে কোনো মৃত্যুই দুঃখজনক। কিন্তু আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে, সমস্যাটি কেন হচ্ছে। এবং আমরা জানি সমস্যাটি কী। সমস্যা হচ্ছে অপরাধ।
“সুতরাং আমাদের মিলিত উদ্দেশ্য হওয়া উচিত ‘অপরাধহীন ও মৃত্যহীন’ সীমান্ত। আমি নিশ্চিত, আমরা যদি এটা করতে পারি, অপরাধহীন ও মৃত্যহীন সীমান্ত, তাহলে একসাথে এই সমস্যার সমাধান করতে পারব।”
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম ১১ মাসে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সহিংসতায় মৃত্যু হয়েছে অন্তত ৪২ বাংলাদেশির। গত পাঁচ বছরের মধ্যে ২০১৮ সালে সীমান্ত হত্যা কিছুটা কমলেও সেটি তিন গুণ বাড়ে ২০১৯ সালে।
সংস্থাটির আরেক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছরে সীমান্তে ১৫৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
জয়শঙ্কর বলেন, “যেটাকে আমরা সীমান্ত হত্যা বলি, মূলত অনেকগুলো মৃত্যু হয় ভারতের বহু ভেতরে। পররাষ্ট্রমন্ত্রী (মোমেন) এবং আমি এ ব্যাপারে আলোচনা করেছি, যেভাবে প্রতিবেশী ও বন্ধুর সঙ্গে আলোচনা হওয়া দরকার।”বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছান জয়শঙ্কর।
বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে জয়শঙ্করের। পরে বিকাল ৫টায় ভারত ভবনে (পুরনো হাই কমিশন ভবন) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা ত্যাগ করবেন তিনি।
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
সীমান্ত হত্যার কারণ অপরাধমূলক কর্মকাণ্ড: জয়শঙ্কর
-
জাগো২৪.নেট,ডেস্ক: - প্রকাশের সময়: ০৪:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- ৭
জনপ্রিয়



















