দিনাজপুরের চিরিরবন্দরে পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে মিটারের তার স্থানান্তর করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলু ইসলাম ওরফে লম্বা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাল ১ জুন সোমবার দুপুরের দিকে উপজেলার ১২নং আলোকডিহি ইউনিয়নের চম্পাতলী বাজারের সন্নিকটে তেলীপাড়ায় ঘটেছে। নিহত দুলু ইসলাম (৪২) ওইপাড়ার মৃত আদালের ছেলে। তিনি ওই ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুলু ইসলাম তার পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে বৈদ্যুতিক মিটার পরিবর্তন করার জন্য তার টানতে যান। তিনি বৈদ্যুতিক ক্যাবল (তারে) সংযোগ থাকায় অসর্তকতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। এ ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট (কুন্দল) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলোকডিহি ইউনিয়নে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওলি মদ্দিন জাগো২৪.নেট-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 








